ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুধবার টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:২৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

আগামীকাল বুধবার (২০ মে) টঙ্গীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ শেষে প্রকল্প-সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করবেন। দুপুর ২টা ১৫ মিনিটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থাকবে।

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতাইশ মৌজার ধরপাড়ার যে সরকারি জমি নির্বাচন করা হয়েছে, তা দীর্ঘদিন অবৈধ দখলে ছিল।

এদিকে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।