প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উচ্ছ্বাস। গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর এ সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে বাহিনীর রাষ্ট্রীয় কুচকাওয়াজ ও জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এটিই প্রথম। সংশ্লিষ্টদের আশা, এই ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীর এ সফর কেবল উন্নয়নমূলক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আবেগ ও ইতিহাস। গাজীপুরের মাটির সঙ্গে রয়েছে তার শৈশবের স্মৃতি। একই সঙ্গে এ শহরে প্রোথিত রয়েছে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়।
এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি সফর অনুষ্ঠিত হবে। তার আগমন উপলক্ষে গাজীপুর সিটির রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে।’
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেই উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন।
শহীদ জিয়ার সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ গাজীপুর দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, তার ঐতিহাসিক ভূমিকার কারণে গাজীপুরের মানুষের হৃদয়ে জিয়া পরিবারের প্রতি রয়েছে গভীর আত্মিক টান ও কৃতজ্ঞতা। ফলে তাদেরই প্রিয় সন্তান ও দেশের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন