ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামী বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় এ জামাত শুরু হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মুসল্লিদের ওজু সম্পন্ন করে নামাজের প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা অপ্রয়োজনীয় সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থানে জামাত অনুষ্ঠিত হলেও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জামাতকে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।