আসন্ন ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হতে পারে বলে জানিয়েছেন মো. আমিনুর রশিদ। মঙ্গলবার (২৬ মে) সকালে নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, কুরবানিকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তা দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসে।
তিনি জানান, এবারের পশুর বাজার অন্যান্য বছরের তুলনায় বেশি নিরাপদ এবং সরকার প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা- সবার জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও থেকে অনিরাপত্তা বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং বাজারে অবৈধভাবে আনা পশুও চোখে পড়েনি।
বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, কুরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন