ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন : স্বাস্থ্য বিভাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত এ কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান।

তিনি বলেন, ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে যান এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ও সম্ভাব্য অব্যবস্থাপনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা এবং ছয় নবজাতক ছিল।

এদিকে, হাসপাতালে থাকা স্বজনদের অভিযোগ, ওয়ার্ডের এসি বন্ধ ছিল এবং সেখানে উৎকট দুর্গন্ধ ছিল। বিষয়টি নার্সদের জানানো হলে কয়েকজন নবজাতককে এনআইসিইউতে নেওয়া হয়। অভিভাবকদের কেউ কেউ এসির গ্যাস লিকেজকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে অভিযোগ তুলেছেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ছয় নবজাতক ও ১১ জন মা পোস্ট-অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক নবজাতকের মায়ের অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে এসি চালু করার পর কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ছয় নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।