রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় উদ্বেগের মধ্যে আরও পাঁচ শিশু এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।
বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে এনআইসিইউতে থাকা শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে চিকিৎসাধীন কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। কিছু শিশুর শরীরে নীলচে বর্ণও দেখা গেছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া এ মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা কঠিন।
তিনি আরও বলেন, হাসপাতালের অবকাঠামো, বিল্ডিং কোড অনুসরণ, সিসিটিভি ফুটেজ, নবজাতকদের তালিকা এবং চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তদন্তের আওতায় আনা জরুরি।
উল্লেখ্য, বুধবার ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

