× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৭:০২ এএম

আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৭:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ হস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ।

সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা পছন্দের ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করতে ছুটে যাচ্ছেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেবেন তারা। আমাদের দেশে ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই উৎসব মুসলমানদের ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে আছে।

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ও আশপাশের এলাকায় চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে এসবির সুইপিং টিম ও সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

ঈদগাহের সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিংয়ে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড বসানো হয়েছে। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার ও ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ডবাই থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহ কেন্দ্রিক ট্রাফিক ডাইভারশন ও পার্কিং নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মুসল্লিদের শুধু জায়নামাজ ও প্রয়োজনে ছাতা সঙ্গে আনার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু বহন না করতে বলা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে দায়িত্বরত পুলিশ সদস্য বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বায়তুল মোকাররমে পাঁচ জামাত

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ।

চতুর্থ জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।

রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাত

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দুটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মাঠে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

ঈদকে কেন্দ্র করে রাজধানীতে উৎসবের আমেজ

ঈদ উপলক্ষে সরকারি ছুটি চলছে। ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ থাকলেও এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরাও দেশবাসীকে সহমর্মিতা, সৌহার্দ্য ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Link copied!