দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সম্পৃক্ততা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার-ভিডিপির মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় সীমান্তবর্তী এলাকায় সদস্য-সদস্যাদের মোতায়েন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করা হচ্ছে।
বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলা—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়িতে উপজেলা ও থানা পর্যায়ের আনসার-ভিডিপি এবং টিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েন করা হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কার্যক্রমে কার্যকর সহায়ক ভূমিকা পালন করবে।
এ উদ্যোগের ফলে সীমান্ত অঞ্চলে একটি সমন্বিত, টেকসই ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন