ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কৃষকদের ঋণ মওকুফে বরাদ্দ দেড় হাজার কোটি টাকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩০ পিএম
ছবিটি এআই দিয়ে বানানো।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বৃদ্ধি এবং কৃষকদের ঋণ মওকুফসহ নগদ সহায়তার ব্যবস্থা উল্লেখযোগ্য।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে কৃষকদের জন্যও বেশ কয়েকটি সহায়তামূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর আওতায় সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সুবিধা পাবেন কৃষকরা। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরে কৃষক কার্ড কর্মসূচির আওতায় ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় জানানো হয়, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচির জন্য চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।