কক্সবাজারে পৌঁছে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (১৩ জুন) ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তিনি। দীর্ঘ সময় পর কক্সবাজার সফরে এসে দিনটির কর্মসূচি শুরু করেন তিনি।
সফরের সূচনাতেই পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সকাল থেকেই কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তাকে স্বাগত জানান।
১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, পিএমখালীর এই পাতলী খাল তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৯৭৯ সালের নভেম্বরে এ খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে স্বয়ং জিয়াউর রহমান উপস্থিত ছিলেন বলে জানা যায়।
স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদের বিষয়েও কঠোর নির্দেশনা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন