দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে পাঁচ সদস্যের একটি সার্চ (বাছাই) কমিটি গঠন করেছে সরকার।
রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুসারে নির্ধারিত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
সার্চ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাশিক আল জলিল, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাছাই কমিটি আইন অনুযায়ী দুদক কমিশনারের শূন্য পদের বিপরীতে দুইজন যোগ্য ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করে নিয়োগের সুপারিশসহ রাষ্ট্রপতির কাছে পাঠাবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দুদকের শীর্ষ পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন