ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

‘কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:৪২ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

কিছু কিছু গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা মানছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের কিছু গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে—এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ‘এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। শেখ হাসিনার বক্তব্য প্রচার বাংলাদেশে সরাসরি নিষিদ্ধ। তিনি শুধু দণ্ডপ্রাপ্ত বলেই নয়, তার বক্তব্য প্রচার না করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমাদের অনেক গণমাধ্যম সেই নির্দেশনা মানছে না। অর্থাৎ তারা আদালতের নিষেধাজ্ঞা ও নির্দেশনা অমান্য করছে। এটি একটি বাস্তবতা।’

তিনি বলেন, ‘সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। যেহেতু এসব গণমাধ্যম তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন, তাই আমরা প্রাথমিকভাবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবেও তাদের জানানো হবে। এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা চাই তারা যেন এ ধরনের প্রচার থেকে বিরত থাকে।’

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমরা এ মুহূর্তে খুব কঠোর কোনো অবস্থান নিচ্ছি না। তবে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আমি মনে করি, দেশের গণমাধ্যম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আদালতের নির্দেশনা মেনে চলবে।’

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা মানা হয়নি—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ঠিক আছে, আমরা আবারও আহ্বান জানাব। ভবিষ্যতে কোনো একসময় প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।’

তিনি বলেন, ‘ঘটনা হলো, শেখ হাসিনা যখন বক্তব্য দেন, তখন তা বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বর্তমানে তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ নানা মাধ্যমে সেই বক্তব্য জেনে যায়। এ বিষয়েও অনেকে আলোচনা করছেন। আমি সরকারের অবস্থানের বাইরে ব্যক্তিগতভাবে বলছি, শেষ পর্যন্ত এটি পুরোপুরি ঠেকিয়ে রাখা সম্ভব কি না, সেটিও একটি প্রশ্ন। কারণ আপনি যে বিদেশি গণমাধ্যমের কথা বলছেন, সেটি বাংলাদেশ থেকেও দেখা যায় এবং অনেকেই তা দেখেন।’

সর্বশেষে জাহেদ উর রহমান বলেন, ‘আদালত যতক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করছে, ততক্ষণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা অনুচিত। আমি এটিকে সরাসরি ‘অপরাধ’ বলছি না, তবে এটি অনুচিত। আমি আশা করি, দেশের গণমাধ্যম এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’