প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকরভাবে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আজ (বুধবার) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের বর্তমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
নির্বাচন কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সভাপতিত্ব করবেন। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সভায় দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি, প্রকল্পের কর্মপরিধি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন ভোট দেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট। যাচাই-বাছাই শেষে বৈধ ভোট হিসেবে গণ্য হয় ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন