রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পৃথকভাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনায় নিজেদের অবস্থান জানাতে সংসদের বিরোধী দুই দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করছে।
আজ শুক্রবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্পিকারের বক্তব্য শেষ হওয়ার পরপরই জরুরি সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র গণমাধ্যমে পাঠায় জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরা হবে। এতে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দেবেন। এ সময় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন