ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা, ভাঙচুর চালিয়ে জমি দখলের চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে অভিযুক্তরা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে। পরে তারা জমিতে নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ব্যবসায়ী মাসুম মিয়া জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা-শিমুলিয়া মৌজায় ২০০৮ সালে বৈধ দলিলের মাধ্যমে তিনি ৯ শতাংশ জমি কেনেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে সেখানে সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করা হয়। অভিযোগকারীর দাবি, প্রায় ১৮ বছর ধরে তিনি জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।

গত ২২ জুলাই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তিনি জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় রয়েল পার্টিকেল মিলের এমডি আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে ২০ থেকে ২২ জনের একটি দল এসে নির্মাণকাজে বাধা দেয়। পরে তারা জমিটি নিজেদের দাবি করে কাজ পরিচালনার জন্য মাসুমের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে গ্রুপটি ওই রাতেই সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ও পিলার ভেঙে সেখানে ‘আব্দুল্লাহ মোহাম্মদ ইসা’ নামের একটি অস্থায়ী সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগী মাসুমের ভাই আলী হোসেন জানান, একই জমি নিয়ে পূর্বে দায়ের হওয়া একটি মামলার তদন্ত আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা সম্পন্ন করেন। পরে প্রতিপক্ষ মামলা প্রত্যাহার করলে আদালতের আদেশ অনুযায়ী তারা জমিতে নির্মাণকাজ শুরু করেন। এরপরও তাদের কাজে বাধা দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।