ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পদত্যাগের পরও আজীবন যেসব রাষ্ট্রীয় সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১১:৩০ পিএম
সাবক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব ছাড়লেও দেশের বিদ্যমান আইন অনুযায়ী তিনি আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রচলিত বিধান অনুযায়ী, যেসব ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্বের পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন অথবা অন্তত ছয় মাস এ পদে দায়িত্ব পালন করেছেন, তারা অবসর-পরবর্তী সময়ে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুসারে, অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতির জন্য আরও কয়েকটি সুবিধার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতা প্রদান করা হবে।

এ ছাড়া সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধের সুবিধাও পাবেন তিনি।

আইন অনুযায়ী, একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও সাবেক রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত থাকবে।