রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের স্থগিত লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১৯ জুলাই জারি করা এক নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো—
১. The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি পালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন