বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
সাক্ষাতে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন