বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দের ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন। তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অবহিত করতে হবে। পাশাপাশি, তিনি তার গবেষণা কাজের অগ্রগতির প্রতিবেদনও জমা দেবেন।
এ ছাড়া, সংশ্লিষ্ট সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবে। গবেষণার তথ্য-উপাত্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
তবে, জাতীয় অধ্যাপক পদে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো চাকরি করতে পারবেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন