রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রোববার (১৯ অক্টোবর) সকালেও ধোঁয়া উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভবনের দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের অবশিষ্ট তাপ নিয়ন্ত্রণে কাজ করছেন।
ঘটনাস্থলে সকাল থেকে বহু মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম বলেন, ‘এখনো উদ্ধারকাজ চলছে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’
গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট, পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি সদস্যরা। টানা সাত ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিমানবন্দর পুনরায় চালু করা হয়।
কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে, সেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হতো।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বাংলাদেশ বিমান একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস, আনসার ও অন্যান্য সংস্থার মোট ৩৫ জন সদস্য আহত হয়েছেন, যার মধ্যে আনসার বাহিনীর ২৫ সদস্য রয়েছেন বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন