আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) জেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়ে এরইমধ্যে গুদামে পৌঁছাতে শুরু করেছে। তাই নির্বাচনের আগেই দেশের সকল প্রাথমিক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং তার সমাধানে কাজ চলছে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের চেহারায় বড় পরিবর্তন আসবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিধান রঞ্জন রায় পোদ্দার।


