ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৬ এএম
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন।

অন্যরা হলেন— মডেল মারিয়া কিশপট্ট এবং অভিনেতা ইমতু রাতিশ ইমতিয়াজ। 

অভিযোগ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র চালিয়ে আসছে। এদের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনর্গঠনের প্রচারণা চালাচ্ছে। এতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত হচ্ছে।

রোববার রাতে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।