ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। হাদির সঙ্গে রয়েছেন তার বড় ভাই, দুই জন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখানে পৌঁছানোর পর সরাসরি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। হাসপাতালে অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হাদিকে উন্নত চিকিৎসা দেওয়া হবে।
এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় বিমানবন্দরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিতে স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি এবং এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত একটি রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


