ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুরি করা ছুরি দিয়ে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৫৭ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে চুরি ধরা পড়ায় মা ও মেয়েকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি (ছুরি) চুরি করা ছিল। এ ঘটনার আগে গৃহকর্মী আয়েশা একইভাবে অন্য একটি বাসা থেকে ছুরি চুরি করেছিল।

পুলিশ ও সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর সকাল ৭:৩০ থেকে ৯টার মধ্যে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহিনী লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫) ছুরিকাঘাতে নিহত হন।

হত্যাকারী ছিলেন গৃহকর্মী আয়েশা। এ ঘটনায় লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম থানায় মামলা করেন। ঘটনার দুই দিন পর ঝালকাঠির নলছিটি এলাকার দাদার বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করা হয়।

আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন- আয়েশা ৬ দিন, রাব্বি ৩ দিন। রিমান্ডে আয়েশা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তার স্বামী রাব্বি জানান, তিনি হত্যা ঘটনার সময় বিষয়টি প্রথমবার জেনেছেন। হত্যাকালে আয়েশার হাত কেটে যায়। পরে তিনি তার হাতের চিকিৎসা করান এবং ল্যাপটপ বিক্রি করে বরিশালে যান।

মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি চুরি করা ছিল। আয়েশা বিভিন্ন বাসায় গৃহকর্মীর আড়ালে চুরি করতেন। ২০২৪ সাল থেকে অন্তত পাঁচটি বাসায় চুরি করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ওসমান মাসুম জানান, হত্যার দিন বাসা থেকে দুটি ল্যাপটপ, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, এক জোড়া চুড়ি ও একটি গলার চেইন চুরি হয়।

হত্যার পর নাফিসার স্কুল ড্রেস ও ব্যাগ নিয়ে বের হয়, যা পরে উদ্ধার করা যায়নি। সদরঘাটে বিক্রি করা ল্যাপটপ উদ্ধার করার চেষ্টা চলছে।