ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ফয়সাল আমার কাছে রাতে আসতেন, সকালে চলে যেতেন’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:০৪ পিএম
হাদির ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি- সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ তিন জনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

আদালতে মামলার মূল আসামি ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া জানান, ঘটনার দুই-তিন দিন আগে ফয়সাল করিমের সাথে তার সর্বশেষ দেখা হয়। তিনি বাসায় কাপড় নিতে এসেছিলেন। এর বাইরে আর স্বামীর সম্পর্কে কিছু জানেন না তিনি।

তিনি আরও বলেন, ‘উনি (ফয়সাল) আমার কাছে অনেক রাতে যেতেন। সকালে চলে আসতেন। এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিলেন না। এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি মারিয়া আক্তার লিমার (ফয়সালের প্রেমিকা) সাথে ছিলেন।’

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদির ওপর গুলি চালানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শুটার ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, প্রেমিকা মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মো. কবির, ফয়সালের বাবা-মা এবং আরও বেশ কয়েকজন। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক।