সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র মাহে রমজানের সঙ্গে মিল রেখে আজ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে রোজা শুরু হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই প্রথা মেনে আসছেন স্থানীয়রা।
মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে এসব গ্রামের মানুষ রোজা পালন শুরু করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফ, পীরজাদাত গ্রাম, কালচোঁ, সমলৈল, ভোলাচোঁ, ফতেহপুরসহ পার্শ্ববর্তী প্রায় ১০-১২টি গ্রামের মানুষের মধ্যে রোজা শুরুর আমেজ চলছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও তারা আরব বিশ্বের সঙ্গে সংগতি রেখে রোজা ও ঈদের নামাজ উদযাপন করছেন। এই নিয়ম মেনে চলাই তাদের পূর্বসূরিদের থেকে চলে আসা বিশ্বাস।
সাদ্রা গ্রামের বাসিন্দা আলহাজ মো. আবদুর রহমান বলেন, ‘আমরা মূলত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে চাঁদ দেখার সংবাদের ওপর ভিত্তি করে রোজা এবং ঈদ পালন করি। এটি আমাদের দীর্ঘদিনের প্রথা।’
এদিকে, জাতীয় চাঁদ দেখা কমিটির বাইরে গিয়ে এভাবে রোজা পালন করা নিয়ে প্রতিবছরই ভিন্নমত বা আলোচনা তৈরি হলেও এই গ্রামগুলোর মানুষেরা নিজেদের প্রথাতেই অটল থাকেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন