কুড়িগ্রামে সীমান্ত এলাকায় অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দসহ পাঁচজন কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। সেই সঙ্গে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় টহল জোরদারসহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবির সদস্যরা।
রোববার (২৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, গত এক মাসে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-র আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬৪৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় পাঁচজন কারবারিকেও আটক করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ ছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় টহল জোরদারসহ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন