বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয়, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ ফয়জুল করিম তার বক্তব্যে বলেন, জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে- কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান। তিনি অভিযোগ করে বলেন, এক সময় তারা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। দাড়ি, টুপি, পায়জামা-পাঞ্জাবি নেই, এমনকি কোরআন-সুন্নাহর অনুসরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফয়জুল করিম আরও বলেন, আপনারা ইসলামের কথা না বলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের কথা বলছেন- এটা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নেতা ও দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলত, এখন ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। একদল খুন করেছে, এখন আরেক দল খুন করছে- হাতের পরিবর্তন হয়েছে, খুনির পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করত, এখন আরেক দল করছে- মানুষের পরিবর্তন হয়েছে, অপরাধের পরিবর্তন হয়নি।
মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের চরমোনাই পীর রেজাউল করিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মী।

