ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমাদেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো হোক : পররাষ্ট্র উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৪ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’ 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ তিনি গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা থাকা প্রয়োজন। আগামী নির্বাচনে কী হবে তা অনেকটাই তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর নির্ভর করবে। ভোটাধিকার প্রয়োগে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন, যা নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা আরও বাড়াবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তিনি বলেন, তাদের নিরপেক্ষতা কাজের মাধ্যমে প্রমাণ করা জরুরি। ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে প্রকাশ গ্রহণযোগ্য নয়।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।