বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকারকে নতুন করে শুরু করতে হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে গণতন্ত্রের পথে অগ্রযাত্রার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন, সংস্কার কমিশন ও গণভোটের মতো কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় একটি সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্যে ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার নতুনভাবে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে। আগামী দিনগুলোতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকতা পেশাকে চ্যালেঞ্জিং উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশ-বিদেশে নানা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাজ করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অভিযোগভিত্তিক প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। এতে সংবাদ আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তবে এটি ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বিভ্রান্তি ও অপপ্রচারের ক্ষেত্রও তৈরি করতে পারে। তাই তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন