বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহিদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকার কারণে জাতি হতাশ হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
জুলাই যোদ্ধাদের জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পরওয়ার বলেন, ‘হাদিকে গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত প্রোগ্রামের অংশ। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এ ধরনের পরিকল্পনা হতে পারে। তিনি সরকারের কাছে অনুরোধ করেন, সবাইকে নিরাপদ রাখার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’
হাদির হত্যার সঙ্গে যারা জড়িত আধিপত্যবাদের পক্ষে তারা যুক্ত, এমন মন্তব্য করে পরওয়ার প্রশ্ন তোলেন, ‘গুলির ছয় ঘণ্টা পর কেন সীমান্ত সীলগালা করা হলো? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদীরা কি খুনিকে পালানোর সুযোগ করেছে?’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিস্টদের রিফাইন বা পুনর্বাসন আওয়ামী লীগের নামে কখনো দেওয়া হবে না।
পরিবারের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করে পরওয়ার বলেন, জীবিত ওসমানের চেয়ে শহিদ ওসমানের পরিবারের সম্মান অনেক বেশি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন