আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী এবং জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে তাকে এ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এতে জানানো হয়, বিএনপি এবার শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আটটি আসন ছেড়ে দিচ্ছে এবং এসব আসনে নিজ দলের কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জোনায়েদ সাকি।
জোট সমঝোতায় ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ দলটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন