বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিকে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর থেকে ৩০০ ফুটের উদ্দেশে রওনা দেন তিনি।
বিমানবন্দরে বহু মানুষ, বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়ে তারেক রহমানের বাসকে হাত নেড়ে স্বাগত জানান। এ ছাড়া বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাস্তার দুপাশে অবস্থান নেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা দেখা গেছে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও র্যাব, এপিবিএন, সোয়াট, কাউন্টার টেরোরিজম ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) থেকেও একাধিক টিম মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন