ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: মেডিকেল বোর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:২৩ এএম
সাংবাদিকদের ব্রিফ করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গুরুতর ও জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাবে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে সংকটময় মুহূর্ত পার করছেন।

ডা. জাহিদ হোসেন জানান, দেশনেত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি দেখা দেয়। অবনতির কারণে প্রথমে কেবিন থেকে সিসিইউতে এবং পরে আইসিইউতে নেওয়া হয়।

তিনি আরও জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা মিলিতভাবে খালেদা জিয়ার চিকিৎসা চালাচ্ছেন এবং তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন।

১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। আজ শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে এসে দুই ঘণ্টার বেশি সময় কাটান এবং রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

খালেদা জিয়ার চিকিৎসা অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে। তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান।

বিএনপি নেতারা বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব দিয়েও তার শারীরিক অবস্থার কারণে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। দেশের মধ্যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।