জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্বেও নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের নেপথ্যে ‘নীতিগত দ্বিমত’ পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন যে তিনি সবসময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারছেন না।
তিনি লেখেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে দ্বিমত পোষণ করছি।’
তিনি আরও উল্লেখ করেন, এনসিপির এই জোট গঠন জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগও তুলেছেন তিনি।
এ দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনও পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছি। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’
তিনি আরও লেখেন, ‘আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি।’
‘এ ছাড়াও পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।’
মুরসালীন আরও জানান, ‘আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ...’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন