জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল এই ধরনের কার্ড বিতরণের কথা বলছে, কিন্তু তা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, তা স্পষ্ট করছে না।
তিনি সতর্ক করে বলেন, যদি খরচের উৎস স্পষ্ট না করা হয় তাহলে সাধারণ জনগণের ওপর আর্থিক চাপ বাড়তে পারে, অথবা কার্ড বিতরণ হবে শুধুমাত্র দলীয় লোকের জন্য, যা দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বাড়াবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরে গণভোটের প্রচারণার জন্য এনসিপি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী।
নাহিদ ইসলাম বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর একটি দল ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেশের অর্থনীতি ও মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ এবার সচেতন। ভোট আর সস্তা প্রচারণার মাধ্যমে কেনা যাবে না।
তিনি বলেন, জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি এবং এবার তারা ভোট দিতে গেলে তা কোনোভাবে কেনা সম্ভব নয়।
ভিআইপি বা বিশেষ সুবিধা গ্রহণের সংস্কৃতির বিরূপ প্রভাবও তুলে ধরে নাহিদ বলেন, দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপমান ও বিদ্রূপের শিকার হচ্ছেন। মানুষ আমাদের নিয়ে প্রশ্ন করছে—সব মিলিয়ে আমরা কি ১০০ ভোটও পেতে পারব? এই পরিস্থিতি দেখাচ্ছে, ছোট দলগুলো স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়া কতটা কঠিন।
তিনি বিএনপির উদ্দেশে করে বলেন, একটি দল এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো বিভিন্ন উপায় নিয়ে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এই কার্ড বিতরণের পেছনের অর্থ কোথা থেকে আসবে, তা স্পষ্ট করে না।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই ধরনের প্রচারণা ভ্যাট বাড়িয়ে দেবে, সাধারণ মানুষ সুবিধা পাবে না এবং দলীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হবে।
নাহিদ বলেন, ‘এনসিপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং জনগণকেও আহ্বান জানাচ্ছে, দল-মত নির্বিশেষে সবাই ‘হ্যাঁ’ ভোটে অংশ নিক। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম তা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। আর যদি ‘না’ জয়ী হয় তাহলে পুরোনো ব্যবস্থাই বজায় থাকবে, এবং গণ-অভ্যুত্থান কার্যত ব্যর্থ হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন