আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এতে অনেকটা ফাঁকা মাঠ পাচ্ছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০-দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এদিকে, কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় আসনটিতে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন বলে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর।
নুরুল হক নুর বলেন, জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর জোটের পক্ষ থেকে তাকে সমর্থন দেওয়া হয়েছে।
এর আগে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়নবঞ্চিত হওয়ার পর তিনিও আর মনোনয়ন কেনেননি।
এদিকে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আসনটিতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীক পেয়েছেন।
আসনটিতে এবার হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেয়াল ঘড়ি প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা প্রতীকে।
এদিকে, বুধবার (২১ জানুয়ারি) আদালতের আদেশের পর মঞ্জুরুল আহসান মুন্সীর জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক বলেন, ‘রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্ত বহাল থাকল। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়তে পারছেন না।’
এর আগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তিনি আপিলে অভিযোগ করেছিলেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঞ্জুরুল আহসান রিট করেন।


