১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কেবল একটি রাজনৈতিক দল বা সরকার পরিবর্তনের জন্য নয়; বরং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। তিনি বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে আরেক হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে আরেক চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত বিজয় নিশ্চিত করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।
গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্য শেষে তিনি রাজধানীর ভাটারার বাঁশতলা এলাকা থেকে একটি গণমিছিলে নেতৃত্ব দেন। গণমিছিলে তিনি ঢাকা-১১ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যার কথাও তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, এলাকাটিতে দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নানা নাগরিক সমস্যা বিরাজ করছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন