ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ ফেব্রুয়ারি সবাইকে জবাব দিতে হবে : তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২৪ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

মানুষের কেড়ে নেওয়া অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি সবাইকে জবাব দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া দেশে বর্তমানে অভিজ্ঞতাসম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই।

তিনি বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে, যাকে ভরসা করা যায়। মানুষ তার ওপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে যায়নি। এইসব গুণ বিএনপির ভেতরেই আছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারাই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, বলবেন গুপ্ত তোমরা। কারণ, তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। যারা ৫ তারিখে পালিয়ে গেছে, এরা তাদের সঙ্গে মিশে ছিল।

তিনি বলেন, খেলাধুলায় যারা ভালো, তাদেরকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো। তরুণ যুবকদের আমরা ভোকেশনাল ট্রেনিং দেবো দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য। 

এছাড়া সিরাজগঞ্জ পাবনার তাঁতশিল্প পুরো বিশ্বে বিএনপি রপ্তানি করতে চায় বলেও জানান তারেক রহমান।

এর আগে বিকেল ৩টায় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

জানা গেছে, এই জনসভা মঞ্চ থেকে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছ থেকে দেখতে পেলেন।

সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।