দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলনই পুরোনো আইন পরিবর্তন করে ‘শরিয়াহ আইন’ প্রতিষ্ঠার কথা বলছে। সেজন্য তরুণ ও নতুন ভোটারদের বলব, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের কথা বলে। অথচ একদল ক্ষমতায় গেলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না। আমরা দুর্নীতি দূর করব এবং বিদেশিদের তাবেদারি থেকে দেশকে মুক্ত করব।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল আইন প্রণয়ন করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হওয়ার পরও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।
মুফতি রেজাউল করীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পুরোনো বন্দোবস্ত বিগত ৫৪ বছরে দেশকে কোথায় নিয়েছে, তা আমরা সবাই জানি। নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনের পরেও যদি আগের নিয়মে দেশ চলে তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।’


