জাতীয় পার্টি এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, জাতীয় বা স্থানীয়ভাবে কোনো দল কিংবা প্রার্থীকে সমর্থন দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি। লালমনিরহাট–৩ আসনে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিবৃতিতে জি এম কাদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে যে, লালমনিরহাট–৩ আসনে একজন প্রার্থীকে জাতীয় পার্টি সমর্থন দিয়েছে—যা সম্পূর্ণ গুজব।
বিবৃতিতে তিনি লালমনিরহাটবাসীসহ দেশবাসী, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের অনুরোধ করেন জি এম কাদের।


