ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় জিডি করলেন মেঘনা আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৩৪ এএম
মেঘনা আলম। ছবি : সংগৃহীত

ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ ও নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রমনা থানায় এ জিডি করেন।  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান।

জিডিতে মেঘনা আলম উল্লেখ করেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনি প্রচারণা শুরুর কথা ছিল।  তবে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের কারণে তিনি স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি।

জিডিতে আরও বলা হয়, ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা।  এই আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি।  নিরাপত্তাজনিত শঙ্কার কারণে সাধারণত নারীরা এ আসনে প্রার্থী হতে আগ্রহী হন না।  এবারের নির্বাচনে তিনি একমাত্র নারী প্রার্থী—এ কথাও জিডিতে উল্লেখ করেন মেঘনা আলম।

মেঘনা আলম জানান, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল।  এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।  তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানানো হয়।  তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে।  বর্তমান নির্বাচনি পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা ও সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।