ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে এ আসনের শপথগ্রহণ স্থগিত রাখার আহ্বান জানান তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম আবেদনটি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ আবেদন করেন পাটওয়ারী। আবেদনে ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের তথ্য তুলে ধরেন তিনি।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নির্বাচনি অনিয়মের আশ্রয় নেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসার নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়েন। তারা অনিয়মের মাধ্যমে আমাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
এ অবস্থায় ঢাকা-৮ আসনে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীর শপথ স্থগিত রাখা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকে মির্জা আব্বাস বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।


