জাতীয় সংসদ ভবনে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার নেতৃত্বে বিরোধী দল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

সৌজন্য সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্রবিষয়ক সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।
বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক উন্নয়ন-সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন