সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আপনারা জুলাই সনদে স্বাক্ষর দিয়েছেন, কিন্তু শপথ নিতে অনীহা প্রকাশ করে জাতির সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। জুলাই সনদ বাস্তবায়নে ব্যত্যয় হলে জাতি আপনাদের ক্ষমা করবে না। মনে রাখতে হবে, জুলাই সনদ ২৪-এর জুলাই আন্দোলনের ফসল।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর বকশিবাজারস্থ কারা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আজ আপনারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছেন, অথচ জুলাই না হলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন না। আজ যারা মন্ত্রী হয়েছেন, তারা মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। আমরা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগও আমরা পেতাম না। জুলাই সনদকে অস্বীকার করা মানে জুলাই বিপ্লবকে অস্বীকার করা। জুলাইকে অস্বীকার করা নিজেদের অস্তিত্বকে অস্বীকার করার শামিল।
তিনি আরও বলেন, জাতির অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। যারা সরকার গঠন করেছে, তারা জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেবে। দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জনগণের বিপক্ষে যায়, তাহলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।
এ সময় তিনি রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আল্লাহ রোজা শুধুমাত্র আমাদের জন্য ফরজ করেননি। বরং রোজা আমাদের পূর্ববর্তী সব জাতি, গোষ্ঠী ও গোত্রের জন্যও ফরজ ছিল। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আশা করা যায়, রোজা তোমাদের সফলকাম করবে। এই সফলতা হতে হবে দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য। রোজা পালনের মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন আনতে হবে। নিজের মধ্যে যত অন্যায়-অনাচার আছে, রোজা পালনের মাধ্যমে সেসব থেকে ফিরে আসতে হবে। রোজার শিক্ষায় জীবন গড়ে তোলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী হাফেজ এনায়েত উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন