ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইউএনও খাদিজা আক্তারকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
শুক্রবার (২৭ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আবু হানিফ লেখেন, গত ১৬ বছরে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীর মতো ব্যবহার করা হয়েছে। এর ফলে রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং দেশে এক ধরনের স্বৈরতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একইভাবে যদি আবারও প্রজাতন্ত্রের কর্মচারীদের দলীয়ভাবে ব্যবহারের চেষ্টা করা হয়, তবে দেশ আবারও সংকটে পড়তে পারে। এ বিষয়ে বর্তমান সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে দেশের মানুষ অনেক বেশি সচেতন বলেও মন্তব্য করেন।
মহেশপুর উপজেলার ইউএনও খাদিজা আক্তারকে যে কারণে বদলি করা হয়েছে, তা আইনসম্মত হয়নি বলেও দাবি করেন আবু হানিফ। তিনি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সরকারের কাছে বদলি আদেশ বাতিল করে তাকে আগের কর্মস্থলে সম্মানের সঙ্গে পুনর্বহালের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন