হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বুধবার (২৯ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই দাবি জানান।
পোস্টে আবু হানিফ লিখেন, ‘হাওর অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্ভর করে বেরো ধানের ওপর। বছরের অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকা এই অঞ্চলে একমাত্র নির্ভরযোগ্য ফসল হিসেবে বেরো ধানই কৃষকদের বাঁচার ভরসা জোগায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, ধান পাকার ঠিক আগমুহূর্তে বা আধা পাকা অবস্থায় অতি বৃষ্টি ও উজানের ঢলের কারণে বিস্তীর্ণ হাওর এলাকা পানির নিচে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলের জমি। বৃষ্টির পানিতে হাওরের কৃষকদের স্বপ্নের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পরবে।
এই পরিস্থিতি শুধু কৃষকদের ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার জন্যও একটি বড় হুমকি। অনেক কৃষক ঋণ নিয়ে, ধারদেনা করে ধান চাষ করেন। ফসল হারানোর ফলে তারা ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। পরিবার পরিজন নিয়ে তাদের জীবনে নেমে আসে অনিশ্চয়তা ও দুর্ভোগ।
এমতাবস্থায় সরকারের প্রতি আহ্বান ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চিহ্নিত করে তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ধরনের ক্ষতি কমানো যায়, সেজন্য টেকসই বাঁধ নির্মাণ, আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া জরুরি।মনে রাখতে হবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ।
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। তাদের রক্ষা করা মানেই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিকে সুরক্ষিত রাখা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন