আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন এর সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
তাহেরী বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ।’
তিনি আরও বলেন, ‘সুফিবাদী এই সংগঠনের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না এবং কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না। সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর।’
আসন্ন নির্বাচনে সুন্নি মুসলমানদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তাহেরী বলেন, ‘এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আগামী সরকার আমরা গঠন করব।’
তিনি শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করতেই হবে। তার ভাষায়, ‘এটাই প্রমাণিত, সুন্নিরাই এ দেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন