ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় : তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:৪১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বলেছেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

বিকেল ৩টা ৫৮ মিনিটে বক্তব্য শুরু করে তিনি বলেন, ‘প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের মাঝে।’

তারেক রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী জনতা বিপ্লব এবং নব্বইয়ের গণ-আন্দোলনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট একাত্তরের মতো দেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, নারী-পুরুষসহ শ্রেণি-পেশার মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।

তিনি আরও বলেন, ‘সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখলে সন্তুষ্ট হবেন। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে কেউ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং ঘরে ফিরে আসতে পারে। দেশের সকল মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নিরাপদভাবে জীবন যাপন করতে পারবে।

তারেক রহমান জোর দিয়ে বলেন, ‘আমাদের সময় এসেছে দেশ গড়ার। তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার দিকে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি পরপর তিনবার বলেন, আমরা দেশের শান্তি চাই।’

সংবর্ধনা মঞ্চে তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে বিশেষ বাসে ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে দলের নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়। বিমানটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর ফুল দিয়ে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের নেতাদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন। শাশুড়ি তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।