বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনে ৯টি জেলায় সফর করবেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর ‘ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ’ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এর ফলে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হবে না বলে দাবি করেছে বিএনপি।
যেসব জেলায় তারেক রহমান যাচ্ছেন সেগুলো হলো– টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।
এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছর জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ নিহত অন্যদের কবর জিয়ারত করবেন বলেও জানানো হয়েছে। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।
তারেক রহমানের সফরসূচির আয়োজন
১১ জানুয়ারি সকাল ৯টায় গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা করবেন তারেক রহমান। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
ভাসানীর কবর জিয়ারত শেষে তারেক রহমান বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রাবিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন।
১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানি মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। পাশাপাশি আত্মীয়-স্বজনের খোঁজখবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন।
১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় গিয়ে দুপুর দেড়টায় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে নীলফামারী যাবেন বিকেল ৪টায়। সেখানেও জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পরে লালমনিরহাটে গিয়ে জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১টায় রংপুর ফিরে রাত যাপন করবেন।
পরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনি এলাকায় যাবেন এবং ফেরার পথে মহাস্থানগড় হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ২টায় রাজধানী ঢাকায় তার পৌঁছার কথা রয়েছে।


